ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিননামা ছাড়াই একটি হত্যা মামলার তিন আসামিকে মুক্তি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কারাগারের ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কারা কর্তৃপক্ষ।
কারাগার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ভুলবশত এ ঘটনা ঘটে। মুক্তি পাওয়া তিন আসামি হলেন—তারাকান্দা থানার তাররাটি পশ্চিম পাড়ার বাসিন্দা মো. আনিছ মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম। তারা চলতি বছরের ৭ ডিসেম্বর সংঘটিত একটি হত্যা মামলার আসামি হিসেবে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।
ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, ওই তিন ব্যক্তি হত্যা মামলার আসামি ছিলেন। তবে ‘প্রডাকশন ওয়ারেন্ট’-কে ভুলবশত জামিননামা হিসেবে বিবেচনা করে তাদের মুক্তি দেওয়া হয়। তিনি আরও বলেন, ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজ অসতর্কতাবশত এই ভুলের কথা স্বীকার করেছেন।
তবে এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা যোগসাজশ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে যাদের দায় পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলাম বলেন, ভর্তি শাখার অসতর্কতার কারণেই এই ‘ভুলমুক্তি’র ঘটনা ঘটেছে। বিষয়টি জানাজানি হওয়ার পরপরই পলাতক আসামিদের পুনরায় গ্রেপ্তারের জন্য র্যাব ও পুলিশকে অবহিত করা হয়েছে।
ঘটনাটি কারা ব্যবস্থাপনার নিরাপত্তা ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।