বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার একটি অপচেষ্টা চলছে। তিনি বলেন, আগামী দিনে হয়তো এমন কথাও শোনা যাবে—জামায়াতে ইসলামী নাকি এই দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল।
মঙ্গলবার দুপুরে কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলার কোনাখালী ইউনিয়নের জংগলকাটা এলাকায় এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, একটি রাজনৈতিক দল—বাংলাদেশ জামায়াতে ইসলামী—যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করার চেষ্টা করছে। সম্প্রতি তাদের দলের আমির যে বক্তব্য দিয়েছেন, সেখানে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে। তিনি দাবি করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি, অন্য একজন দিয়েছেন—যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।
তিনি বলেন, এ ধরনের বক্তব্য অস্বাভাবিক নয়। কারণ যারা একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ ইতিহাস বিকৃত করবে—এটাই স্বাভাবিক। তবে বাংলাদেশের মানুষ সব জানে। জনগণ জানে, আজ তারা নতুন রূপে নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার যে চেষ্টা করছে, তা সম্পূর্ণ প্রতারণা ও ভণ্ডামি।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, জামায়াতে ইসলামী একজন মুক্তিযোদ্ধাকে দলে যুক্ত করে কার্যত ভাড়া করে একটি সাইনবোর্ড দেখাতে চাইছে—যেন তাদেরও মুক্তিযোদ্ধা আছে। সেই মুক্তিযোদ্ধাকে ব্যবহার করে তারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে নিজেদের অবস্থান দেখানোর চেষ্টা করছে। কিন্তু দেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা এটি কখনোই মেনে নেবে না এবং এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবে।
তিনি বলেন, এই দেশের সকল দেশপ্রেমিক মানুষ ও স্বাধীনতার পক্ষের শক্তি ইতিহাস বিকৃতির বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলবে। একজন রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমাদের দায়িত্ব হলো—যারা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, মিথ্যা তথ্য ছড়াতে চায়, তাদের বিরুদ্ধে শালীন ভাষায় হলেও দৃঢ়ভাবে নিন্দা ও প্রতিবাদ জানানো। সেই দায়িত্ব থেকেই আমি আজ এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
এসময় তিনি আরও বলেন, গত কয়েকদিন আগে তারা দেশের নারী সমাজকে চরমভাবে অপমান করেছে। সাক্ষাৎকারে কর্মজীবী নারীদের পতিতাদের সঙ্গে তুলনা করা হয়েছে এবং নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বাস্তবে এসব প্রস্তাব নারীদের কল্যাণের নামে তাদের কর্মসংস্থান ধ্বংস করার একটি পরিকল্পনা।
পথসভায় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহীম চৌধুরী, দফতর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ স্থানীয় নেতাকর্মীরা।