News Link: https://www.dailylalsobujbd.com/news/3ig
প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রীসহ শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হওয়া হাজারো মানুষ ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে শরিক হন।
পুনরায় শ্রদ্ধা ও রাজনৈতিক নেতাদের উপস্থিতিঃ
মোনাজাত শেষে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের সঙ্গে নিয়ে পুনরায় শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। পরে বিএনপির জ্যেষ্ঠ নেতারাও শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
সশস্ত্র বাহিনী ও বিরোধীদলের শ্রদ্ধাঃ
সরকারপ্রধান ও ক্ষমতাসীন দলের নেতাদের পর শহীদ বেদিতে আসেন সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান হাসান মাহমুদ খাঁন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
তিন বাহিনীর প্রধানের পর জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তাঁর সঙ্গে ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ জামায়াত জোট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা।
কূটনীতিক ও নির্বাচন কমিশনের অংশগ্রহণঃ
এছাড়া বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তাঁদের পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনসহ অন্যান্য নির্বাচন কমিশনাররা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
গভীর শ্রদ্ধা, নীরবতা ও দেশাত্মবোধের আবহে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ হয়ে ওঠে ভাষা শহীদদের স্মরণে এক আবেগঘন মিলনমেলায়।