News Link: https://www.dailylalsobujbd.com/news/3iu
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একটি প্রাইভেটকারের চালক নিহত হয়েছেন। নিহতের নাম এনামুল হক আইয়ুব। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাঘগ্রাম এলাকার মৃত শামসুল হকের ছেলে। শনিবার (ভোর ৬টা) উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, এনামুল হক আইয়ুব নিজেই ব্যক্তিগত গাড়ি চালিয়ে চট্টগ্রাম শহর থেকে কুমিল্লার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে হাদিফকিরহাট এলাকায় পৌঁছালে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারান। এসময় গাড়িটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী জানান, নিহত এনামুল হক আইয়ুব চট্টগ্রাম থেকে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ওসি।