News Link: https://www.dailylalsobujbd.com/news/3ix
রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মোনাজাতে সারা বিশ্বে যুদ্ধ-বিগ্রহ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়। মোনাজাতে মুসলিম দেশগুলোতে চলমান সংঘাত, বিশেষ করে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রসঙ্গ তুলে বিশ্ববাসীর শান্তি কামনা করা হয়।
প্রধান জামাতে খুতবা প্রদান করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। মোনাজাতে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, বিশ্বকে ফিতনা-ফাসাদ থেকে হেফাজত করুন, যুদ্ধ-বিগ্রহ থেকে মানুষকে নিরাপত্তা দিন এবং সর্বত্র শান্তি প্রতিষ্ঠা করুন।
তিনি মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, সকল প্রতিকূলতা মোকাবেলায় মুসলিমদের এক হয়ে কাজ করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমরা নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছে উল্লেখ করে তাদের রক্ষা এবং তাদের পাশে দাঁড়াতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
এসময় মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ঐক্যের জন্য দোয়া করা হয়। পাশাপাশি, সমগ্র মানবজাতির সুখ, শান্তি ও নিরাপত্তা কামনা করে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। পাপাচার, অন্যায় ও অপরাধ থেকে সবাইকে হেফাজতের জন্যও দোয়া করা হয়।
ঈদের এই প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।