News Link: https://www.dailylalsobujbd.com/news/3iC
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির জানিয়েছেন, ৫ আগস্টের আগে ও পরে সংঘটিত পুলিশ সদস্যসহ সব হত্যাকাণ্ডের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার (২৭ মার্চ) বিকেল সোয়া ৫টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, “শুধু পুলিশ নয়, এ সময়কালে অনেক সাধারণ মানুষও প্রাণ হারিয়েছেন। প্রত্যেকটি ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তিনি জোর দিয়ে বলেন, একটি শান্তিপূর্ণ ও সভ্য সমাজ গঠনে নাগরিকদের আইন মেনে চলা অত্যন্ত জরুরি।
রাস্তা অবরোধ প্রসঙ্গে তিনি বলেন, “কথায় কথায় রাস্তা বন্ধ করা যাবে না। আমাদের তরুণরা দ্রুত রাস্তায় নেমে অবরোধ করে, যা ঠিক নয়। এতে সবার ক্ষতি হয়।” আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, দেশের স্থিতিশীলতা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।
মাদকবিরোধী অবস্থান সম্পর্কে আইজিপি পুনর্ব্যক্ত করেন, পুলিশের নীতি ‘জিরো টলারেন্স’। তিনি বলেন, দেশে মাদকের বিস্তার উদ্বেগজনক এবং তরুণ সমাজকে এর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জ্বালানি তেলের কালোবাজারি প্রসঙ্গে তিনি বলেন, “দুই-একটি পেট্রল পাম্প থেকে তেল সংগ্রহ করে বেশি দামে বিক্রি করে খুব বেশি লাভ হয় না। এ ক্ষেত্রে আমাদের নৈতিকতার উন্নয়ন প্রয়োজন।”
নির্বাচন প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে আইজিপি বলেন, “এবার ইতিহাসে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।”
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. জিল্লুর রহমান।
উল্লেখ্য, শনিবার (২৮ মার্চ) সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে শিক্ষানবীশ এএসপি কর্মকর্তাদের শিক্ষা সমাপনী পাসিং আউট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে আইজিপির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।