বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে অস্বচ্ছতার অভিযোগ প্রমাণিত হওয়ায় বর্তমান কার্যনির্বাহী কমিটি ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সঙ্গে বোর্ড পরিচালনার জন্য ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক আমিনুল আহসান আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন। অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। তিন মাস দায়িত্ব পালন করবে এই কমিটি।
আমিনুল আহসান গণমাধ্যমকে জানান, অ্যাডহক কমিটির এই তালিকা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে পাঠানো হয়েছে। বিসিবি পরিচালনার ক্ষেত্রে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার গ্রহণযোগ্যতা ও স্বীকৃতি প্রয়োজন।
তামিম ইকবালের নেতৃত্বে এডহক কমিটির অন্য সদস্যরা হলেন- আতহার আলী খান, মিনহাজুল আবেদীন, রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা। এরই মধ্যে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেয়ার কথা এবং নতুন এডহক কমিটির নামও আইসিসিকেও ইমেইলে জানিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন আমিনুল এহসান।
এরআগে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বিসিবির সর্বশেষ নির্বাচনে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হস্তক্ষেপের প্রমাণ পাওয়া গেছে। তদন্তে উঠে এসেছে, নির্বাচনে কারচুপির উদ্দেশ্যেই ‘ই-ভোট’ সুবিধা ব্যবহার করা হয়েছিল।
এ ছাড়া স্বজনপ্রীতির মাধ্যমে আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিমকে পরিচালক করা হয়। পাশাপাশি সাবেক ১০ ক্রিকেটারকে কাউন্সিলর করায় নির্বাচনের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে বলে তদন্তে উল্লেখ করা হয়েছে।
তদন্ত কমিটির মতে, ওই নির্বাচনে বিসিবির স্বায়ত্তশাসন, স্বাধীনতা ও স্বচ্ছতা পুরোপুরি নষ্ট হয়েছে।