ঢাকা
খ্রিস্টাব্দ

‘নৈরাজ্যের পাঁয়তারা চলছে’—রায় ঘিরে সতর্ক করলেন বিএনপি মহাসচিব

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২.৪৬ অপরাহ্ন

আপডেট : রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২.৪৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 803769 জন

  • নিউজটি দেখেছেনঃ 803769 জন
‘নৈরাজ্যের পাঁয়তারা চলছে’—রায় ঘিরে সতর্ক করলেন বিএনপি মহাসচিব
-- জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় রবিবার দুপুরে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আগামীকাল শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ‘গণহত্যা মামলার’ রায়কে কেন্দ্র করে সারাদেশে চরম অনিশ্চয়তা ও আতঙ্ক বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার ট্রায়ালের রায় ঘোষণা ঘিরে দেশে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। একটি মহল আবারও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। আমাদের রুখে দাঁড়াতে হবে।’

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ‘বিভ্রান্তিকর ও অস্বাভাবিক’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতি এক ধরনের কনফিউজ পলিটিক্সে পরিণত হয়েছে। এমন সব উপাদান যোগ হচ্ছে, যা দেশের মানুষ কখনো কল্পনাও করেনি।’

অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে মন্তব্য করতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘অন্তর্বর্তী সরকারের নামে যারা এসেছে, তারা রাজনৈতিক কাঠামোকে এক জায়গায় নিতে চেয়েছে। কিন্তু তা জনগণের প্রত্যাশা পূরণ করছে কি না—এখনই বলা যাচ্ছে না।’

তিনি বলেন, ‘নির্বাচনই গণতন্ত্রে উত্তরণের একমাত্র পথ। হতাশা ও অনিশ্চয়তার মধ্যেও ২৬ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।’ তিনি অভিযোগ করেন, কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে অনিশ্চয়তা সৃষ্টি করে নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে।

অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, ‘অর্থনীতি খারাপের দিকে যাচ্ছে, আইনশৃঙ্খলাও নাজুক। নির্বাচিত সরকার না থাকলে পরিস্থিতি আরও অবনতি হবে।’

গণহত্যা মামলার রায়কে কেন্দ্র করে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, ‘রায়কে কেন্দ্র করে একটি মহল নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে। ছাত্রদের অভ্যুত্থানে যে সুযোগ তৈরি হয়েছে—সেটি যেন নষ্ট না হয়।’

সবশেষে সকল রাজনৈতিক দলকে ঐক্যের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘মওলানা ভাসানীর আদর্শ অনুসরণ করে ঐক্য গড়ে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে চাই।’

সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় কমিটির সদস্য সচিব শামসুজ্জামান দুদু। উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাইয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ইসতিয়াক আজিজ উলফাত, মাইনুল ইসলাম, লায়ন ফারুক রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২.৪৬ অপরাহ্ন
আপডেট : রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২.৪৬ অপরাহ্ন