চট্টগ্রামের মীরসরাই উপজেলার অন্যতম বৃহৎ ও শিক্ষাবান্ধব সামাজিক সংগঠন ‘প্রজন্ম মীরসরাই’ এর দেড় দশক (১৫ বছর) পূর্তি উপলক্ষে পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মার্চ) উপজেলার আরশীনগর ফিউচার পার্কে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন।
সকাল ১০টায় মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক ও সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল আউয়াল চৌধুরী অনুষ্ঠানটির উদ্বোধন করেন। সংগঠনের সভাপতি শাহেদ নূরের সভাপতিত্বে এবং আয়োজক কমিটির আহ্বায়ক মামুনুর রশিদ মামুন ও সদস্য সচিব রাশেদুল ইসলাম রাশেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন এমপি বলেন, মীরসরাইয়ের শিক্ষা ও সামাজিক উন্নয়নে ‘প্রজন্ম মীরসরাই’ গত ১৫ বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, যা সত্যিই প্রশংসনীয়। তরুণদের এই ইতিবাচক অগ্রযাত্রায় তিনি অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনসহ আরও অনেকে। এছাড়া বিভিন্ন পৃষ্ঠপোষক, উদ্যোক্তা, সংগঠনের প্রতিষ্ঠাতা ও বর্তমান নেতৃবৃন্দ, সমাজকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কর্মসূচিতে ছিল বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং জনপ্রিয় ব্যান্ড ‘প্রলয়’ এর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে আকর্ষণীয় কুপন ড্র এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।
