আর্জেন্টিনায় উন্মোচন করা হলো বিশ্বের সবচেয়ে বড় লিওনেল মেসি ভাস্কর্য। আর ঠিক সেই সময়েই বিশ্বকাপের মঞ্চে আরও তিনটি ঐতিহাসিক রেকর্ড ভাঙার সুযোগের সামনে দাঁড়িয়ে আছেন আর্জেন্টাইন অধিনায়ক। ফলে মেসিকে ঘিরে উচ্ছ্বাস এখন শুধু মাঠেই নয়, ছড়িয়ে পড়েছে পুরো আর্জেন্টিনাজুড়ে।
আর্জেন্টিনার নিউকুয়েন প্রদেশের কাট্রাল কো শহরে স্থানীয় সময় অনুযায়ী আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় মেসি ভাস্কর্য। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকার অসাধারণ অর্জন, বিশ্বকাপ জয় এবং আর্জেন্টিনার ফুটবলে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবেই নির্মাণ করা হয়েছে বিশাল এই স্থাপনা।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাস্কর্যটির উচ্চতা ২৬ মিটার এবং ওজন প্রায় ৭০ টন। এর মাধ্যমে ভারতের পূর্ববর্তী ২১ মিটার উচ্চতার মেসি ভাস্কর্যের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার দাবি করা হয়েছে। কাট্রাল কো শহরের জাতীয় মহাসড়ক-২২ এবং ম্যানুয়েল সাভিও সড়কের সংযোগস্থলে স্থাপিত ভাস্কর্যটি নির্মাণে ব্যবহার করা হয়েছে শক্তিশালী ইস্পাত কাঠামোর ওপর তিন স্তরের কংক্রিটের আবরণ।
ভাস্কর্যে মেসিকে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি পরিহিত অবস্থায় দেখানো হয়েছে। তার সামনে রাখা হয়েছে বিশ্বকাপ ট্রফি এবং জার্সির বুকে ফুটিয়ে তোলা হয়েছে তিনটি সোনালি তারা, যা আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপ শিরোপার প্রতীক। ভাস্কর অ্যালদো বেরোইসার নকশায় স্থানীয় শ্রমিক ও বাসিন্দাদের সহযোগিতায় প্রায় এক বছর ধরে এটি নির্মিত হয়।
নির্মাণকারী জানান, শুরুতে মেসির প্রকৃত উচ্চতা অনুযায়ী তুলনামূলক ছোট একটি ভাস্কর্য তৈরির পরিকল্পনা ছিল। তবে পরে আরও বড় পরিসরে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং শেষ পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় মেসি ভাস্কর্য বাস্তব রূপ পায়।
এদিকে মাঠের লড়াইয়েও ইতিহাসের খুব কাছাকাছি অবস্থান করছেন মেসি। বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ২২ জুন ডালাসে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি।
আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৬-তে উন্নীত করেছেন মেসি। ফলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সমকক্ষ হয়েছেন। অস্ট্রিয়ার বিপক্ষে একটি গোল করলেই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসন এককভাবে দখল করবেন তিনি।
শুধু গোলের রেকর্ড নয়, বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডও হাতছানি দিচ্ছে আর্জেন্টাইন মহাতারকাকে। আলজেরিয়ার বিপক্ষে জয়টি ছিল বিশ্বকাপে মেসির ১৬তম জয়, যা ক্লোসার রেকর্ডের সমান। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জয় পেলে এই রেকর্ডেরও একক মালিক হয়ে যাবেন তিনি।
এছাড়া বক্সের বাইরে থেকে সর্বোচ্চ গোল করার রেকর্ডেও ইতিহাস গড়ার সুযোগ রয়েছে মেসির সামনে। বর্তমানে পাঁচটি দূরপাল্লার গোল নিয়ে তিনি ব্রাজিল কিংবদন্তি রবার্তো রিভেলিনোর সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন। অস্ট্রিয়ার বিপক্ষে বক্সের বাইরে থেকে আরেকটি গোল করতে পারলে এই রেকর্ডেও একক আধিপত্য প্রতিষ্ঠা করবেন আর্জেন্টিনার অধিনায়ক।
আর্জেন্টিনাজুড়ে যখন মেসির সম্মানে নির্মিত ভাস্কর্য নিয়ে চলছে উচ্ছ্বাস, তখন ফুটবল বিশ্বের চোখ এখন ডালাসের দিকে। কারণ, অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটি শুধু একটি গ্রুপ পর্বের লড়াই নয়; এটি হতে পারে লিওনেল মেসির ক্যারিয়ারের আরও একটি ঐতিহাসিক অধ্যায়ের সূচনা।