ঢাকা
খ্রিস্টাব্দ

ঢাকার মাদ্রাসায় বিস্ফোরণ

স্ত্রী-সন্তানকে রেখে পালালেন পরিচালক আল-আমিন -জঙ্গিবাদ সংশ্লিষ্টতায় খুঁজছে পুলিশ

‘উগ্রবাদী সন্দেহে’ আগেও দুইবার গ্রেপ্তার; রয়েছে সাত মামলা, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিশেষ প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ৩.৩৯ অপরাহ্ন

আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ৩.৫১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1215660 জন

  • নিউজটি দেখেছেনঃ 1215660 জন
স্ত্রী-সন্তানকে রেখে পালালেন পরিচালক আল-আমিন -জঙ্গিবাদ সংশ্লিষ্টতায় খুঁজছে পুলিশ
- সিআইডির ‘ক্রাইম সিন’ ইউনিট, সিআইডির ‘ক্রাইম সিন’ ইউনিটে মাদ্রাসার পরিচালক আল-আমিন।


ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে একটি মাদ্রাসায় সংঘটিত বিস্ফোরণের ঘটনায় সেখান থেকে বিপুল পরিমাণ রাসায়নিক ও বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া এসব রাসায়নিক বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের প্রাথমিক ধারণা, বিস্ফোরক ও রাসায়নিক দ্রব্যের অনিয়ন্ত্রিত বিক্রি ও মজুদের কারণেই এ দুর্ঘটনা ঘটে।




পুলিশ জানায়, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে মাদ্রাসাটির পরিচালক আল আমিন শেখের স্ত্রী ও সন্তানদের উদ্ধার করা হলেও আল আমিন নিজে পালিয়ে যান। আহত স্ত্রী ও সন্তানদের ফেলে রেখেই তিনি আত্মগোপনে চলে গেছেন বলে দাবি পুলিশের। এ ঘটনায় আল আমিনের স্ত্রীসহ তিন নারীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।




গ্রেপ্তারকৃতরা হলেন—আল আমিনের স্ত্রী আছিয়া বেগম (২৮), তার শ্যালক হারুনুর রশীদের স্ত্রী ইয়াসমিন আক্তার (৩০) এবং আসমানী খাতুন ওরফে আসমা (৩৪)। পুলিশ বলছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।




পুলিশ আরও জানায়, মাদ্রাসাটির পরিচালক আল আমিন শেখের বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে এবং তিনি এর আগে দুইবার গ্রেপ্তার হয়েছিলেন। যদিও এসব মামলার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে পুলিশ সদর দপ্তরের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, ২০১৭ সালের ২৯ জুলাই নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় আল আমিন শেখ আসামি ছিলেন। সে সময় তাকে ‘নব্য জেএমবি’ নামে একটি উগ্রবাদী সংগঠনের সদস্য সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল।




গত শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টার পর হাসনাবাদের উম্মাল কুরা ইন্টারন্যাশনাল নামের ওই মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মাদ্রাসার দুটি কক্ষের পাশের দেয়াল ধসে পড়ে এবং পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। বিস্ফোরণে মাদ্রাসার পরিচালক আল আমিন শেখ (৩২), তার স্ত্রী আছিয়া বেগম এবং তাদের তিন সন্তানের মধ্যে দুই ছেলে—উমায়ের (১০) ও আব্দুল্লাহ (৭) আহত হন।




পুলিশ জানায়, আহত উমায়েরের শরীরে আগুনে পোড়া ক্ষতের পাশাপাশি ভবন ধসের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।




এদিকে আল আমিন শেখ কোনো উগ্রবাদী সংগঠনের সঙ্গে বর্তমানে যুক্ত কি না—সে বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে উদ্ধার হওয়া রাসায়নিক ও বিস্ফোরকের উৎস, ব্যবহার এবং ঘটনার প্রকৃত উদ্দেশ্য জানতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





জানা যায়, শনিবার হাসনাবাদের ওই মাদ্রাসায় গিয়ে মূলত আছিয়ার ভাই হারুনুর রশীদ ২০২২ সালে মাদ্রাসা করার কথা বলে একতলা ওই বাড়ি ভাড়া নেন। তিনি এখন দেশে নেই বলে পুলিশ তথ্য দিয়েছে। পরে মাদ্রাসাটি পরিচালনার দায়িত্ব পান আল আমিন। চার কক্ষের বাড়িটির দুটো কক্ষে মাদ্রাসার পাঠদান চলত, একটি কক্ষে পরিবার নিয়ে থাকতেন আল আমিন। আরেকটি কক্ষ বসার ঘর বা অফিস কক্ষ হিসেবে ব্যবহার করা হত। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, বিস্ফোরণে চার কক্ষের দুটো পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ওই দুটো ঘরের শুধু ছাদটুকু অক্ষত আছে আর পাশের দেয়াল ধসে পড়েছে। অন্য দুটো কক্ষেও ভেঙে গেছে জানালার কাঁচ, জিনিসপত্র।




এদিন দুপুরের পর ঘটনার ২৪ ঘণ্টা পরও সেই ধ্বংসস্তূপে তল্লাশি চালাতে দেখা গেল সিআইডির ‘ক্রাইম সিন’ ইউনিটের ৮-১০ জন সদস্যকে। খোলা জায়গায় একপাশে রাখা ১৭-১৮টির মত কন্টেইনার, যেগুলো আলামতের তালিকায় রাসায়নিকের ড্রাম হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। সারি করে রাখা নীল রঙের ১০টি ড্রামের গায়ে হাইড্রোজেন পার অক্সাইড লেখা রয়েছে।




উদ্ধার করা আলামতের মধ্যে একজোড়া মরচে পড়া হাতকড়া, পুলিশ ব্যবহার করে এমন চওড়া বেল্ট ও একটি নাকল পাঞ্চ (ঘুষি মারার এক ধরনের অস্ত্র) দেখা গেল। বেশ কিছু জটলা বাঁধা তার, ইলেকট্রনিক্সসহ ছোট বোতলে আরও কিছু রাসায়নিকও ছিল জব্দ বস্তুর মধ্যে। এক বস্তা বইও উদ্ধার দেখানো হয়েছে সেখান থেকে। কিন্তু, ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তারা কেউ মুখ খুলতে চাইলেন না; তথ্যও দিলেন না। তারা থানায় যোগাযোগ করতে বললেন।




আশপাশে অনেক লোক ভিড় করে দাঁড়িয়ে ধ্বংসস্তূপে পুলিশের খোঁজাখুঁজি দেখছিলেন। তাদের কয়েকজন বললেন, উম্মাল কুরা নামের ওই মাদ্রাসায় শুধু ছোট শিশুদের ভর্তি নেওয়া হত। আরবি হরফ শেখানোর পাশাপাশি বাংলাও কিছু পড়ানো হত। মাদ্রাসার পরিচালক আল আমিনের পরিবারের সদস্যরাই পড়াতেন। বাইরের কোনো শিক্ষককে সেখানে আসতে দেখা যেত না।




গণমাধ্যম সূত্রে জানা যায়, ওই মাদ্রাসার ভবনের ভেতরে বিদ্যুতের কাজ করতে যেতেন ইলেকট্রিশিয়ান আজিজুল ইসলাম। তিনি বলেন, কয়েকদিন আগে তাকে ডেকে সিসি ক্যামেরার জন্য লাইন করে দিতে বলেছিলেন আল আমিন। তিনি গিয়ে লাইন করার পর তাকে জানানো হয়, ক্যামেরাটি তারা নিজেরাই স্থাপন করবেন। ঘটনার পর- পুলিশ ওই বাড়ি থেকে সিসি ক্যামেরার স্মৃতি সংরক্ষণ ডিভাইস বা ডিভিআর বক্সটি উদ্ধার করেছে।




বাড়ির মালিক পারভীন বেগম একটি অটোরিকশায় বসে কান্নাকাটি করছিলেন। তিনি বলেন, স্বামীর মৃত্যুর পর তার ভাই-বোনেরা মিলে তাকে ওই বাড়ি বানিয়ে দেয়। এই বাড়ি ভাড়া দিয়ে অন্য জায়গায় ভাড়া থাকেন তিনি। তিন বছর আগে বাড়িটি যেদিন মিলাদ পড়িয়ে উদ্বোধন করা হয় সেদিনই মুফতি হারুন পরিচয় দেওয়া এক ব্যক্তি বাড়িটি মাদ্রাসার জন্য ভাড়া নিতে আসেন। কথা বার্তায় পছন্দ হওয়ায় পারভীন তাদেরকে ভাড়া দেন।




চারটি কক্ষের একতলা বাড়িটির ভাড়া হিসেবে আল আমিন মাসে ১০ হাজার টাকা দিতেন বলে জানান বাড়ির মালিক। অথচ আশপাশে পাকা বাড়ির একেকটি কক্ষের ভাড়া চার থেকে পাঁচ হাজার টাকা। এত কম টাকায় ভাড়া দেওয়ার বিষয়ে পারভীন বলেন, “এখানে লাইনের গ্যাস নাই। এইজন্যে কমেই দিছিলাম। তবে পরে যখন ভাড়া বাড়ানোর কথা বলছি তখন তারা বলে তাদের আয় নাই, তারা বেশি ভাড়া দিতে পারবে না।”




এসময় পাশ থেকে পারভীনের তরুণী কন্যা বলেন, “ওরা আমাদের ১০ হাজার টাকা দিতে পারে না কিন্তু ওদের বাড়ির মহিলারা সব গা ভরে ভরে স্বর্ণের অলঙ্কার পড়ে থাকত সবসময়।”




পুলিশের সংবাদ সম্মেলনঃ


বিকালে ঘটনাস্থল থেকে কিলোমিটার খানেক দূরত্বে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে কথা বলেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান। তিনি বলেন, বিস্ফোরণের পর আহত স্ত্রী ও সন্তানদের হাসপাতালে রেখে নিরুদ্দেশ হয়েছেন প্রধান সন্দেহভাজন আল আমিন। আল আমিনের বিরুদ্ধে ঢাকার আশপাশের জেলায় সাতটি মামলা থাকার তথ্য দিলেও মামলাগুলোর বিস্তারিত তিনি এখনও জানেন না বলে দাবি করেন এসপি।




তবে এর আগে আল আমিন দুইবার গ্রেপ্তার হয়েছিলেন বলে তার স্ত্রীর বরাতে জানান তিনি। সর্বশেষ ২০২৩ সালে জামিনে বেরিয়ে প্রথমে অটোরিকশা চালাতেন, পরে তিনি রাইড শেয়ারিং করা শুরু করেন।




কেন বিস্ফোরণটা হল এমন প্রশ্নে এসপি বলেন, “ফায়ার সার্ভিস এ বিষয়ে এখনো মতামত দেয়নি। তবে যেহেতু সেখানে রাসায়নিকের ব্যাপক মজুত ছিল এবং আমরা সেখানে বিস্ফোরক জাতীয় বস্তু ককটেল পাওয়া গেছে। এখানে সিআইডির ক্রাইম সিন ইউনিট আছে, এটিইউ আছে তারা প্রাথমিকভাবে ধারণা করছে এখানে রাসায়নিকের বিক্রিয়া বা যে বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে তার সিস্টেমের বিক্রিয়ার কারণে ওই বিস্ফোরণ ঘটেছে।”




নির্বাচনে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য এরকম করা হচ্ছে কী না জানতে চাইলে এসপি বলেন, “সবকিছুকে মাথায় রেখে আমরা কাজ করছি। অভিযান অব্যাহত আছে।”




আল আমিন উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন এমন কথা শোনা গেছে। এ বিষয়ে এসপি বলেন, “তিনি জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন কি না বিষয়টা আমরা খোঁজ নিচ্ছি।”




ওখান থেকে কম্পিউটার, নতুন একটি ইয়ামাহা মোটরসাইকেল, রাসায়নিকসহ বিভিন্ন বস্তু উদ্ধার করা হয়। উদ্ধার বস্তুর জব্দ তালিকা করার কাজ তখনো প্রক্রিয়াধীন বলে জানান এসপি।




হাইড্রোজেন পার অক্সাইড প্রসঙ্গঃ


শুক্রবার সকালে ঘটনার পরপর পুলিশের যে দলটি তাৎক্ষণিকভাবে সেখানে গিয়েছিল তাদের বরাত দিয়ে এসপি মিজানুর রহমান বলেন, পুলিশের দলটি সেখানে গিয়ে ড্রামে ভরা প্রচুর রাসায়নিকের মজুদ দেখতে পায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে আরও কিছু বিস্ফোরকজাতীয় ককটেল সদৃশ বস্তু পাওয়া যায়। সেখানে বিস্ফোরক দ্রব্যের মজুদ নিশ্চিত হওয়ার পর পুলিশের সন্ত্রাসবাদ দমনের বিশেষায়িত ইউনিট এটিইউ, বোম ডিসপোজাল ইউনিট ও সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়।




তিনি বলেন, সেখানে ৪০০ লিটারের মত বিভিন্ন টাইপের রাসায়নিক পাওয়া গেছে। কিছু কন্টেইনারে লেখা আছে হাইড্রোজেন পার অক্সাইড।




একজন কর্মকর্তা জানান, নীলরঙের হাইড্রোজেন পার অক্সাইড স্টিকার আঁটা অনেকগুলো কন্টেইনার সিলগালা অবস্থায় ভর্তি পাওয়া গেছে। তাতে ধারণা করা যায় এগুলোতে হাইড্রোজেন পার অক্সাইডই রয়েছে। সাদা রঙের কতগুলো কন্টেইনার উদ্ধার হয়েছে, সেগুলোতে কী রয়েছে তা এখনো নিশ্চিত নয়। সেখানে বোমা তৈরির মতো আরও কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে, বলেন ওই কর্মকর্তা।




হাইড্রোজেন পার অক্সাইড ছাড়া সেখানে আর কী কী পাওয়া গেছে তা সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে স্পষ্ট করেননি ঢাকার এসপি।




বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয় বলে বিভিন্ন দেশে হাইড্রোজেন পার অক্সাইড কেনাবেচার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বোম্ব মেকিং অ্যাওয়ারনেস প্রোগ্রামের (বিএমএপি) আওতায় হাইড্রোজেন পার অক্সাইড নিয়ে সাধারণ জনতা ও বিক্রেতাদের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা চলেছে।




যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির একটি বুকলেটে বোমা (আইইডি) তৈরির জন্য বিস্ফোরক তৈরির উপাদান হিসেবে এ হাইড্রোজেন পার অক্সাইডকে তালিকাভুক্ত করা হয়েছে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিশেষ প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ৩.৩৯ অপরাহ্ন
আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ৩.৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ