চট্টগ্রাম জেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মো. জাহেদ (৩৭) গ্রেপ্তার হয়েছে। তিনি সড়ফভাটা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও অবৈধ অস্ত্র সরবরাহকারী চক্রের অন্যতম সদস্য বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেপ্তারকৃত জাহেদের বাড়ি তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, ৯টি কার্তুজ (শীসা) এবং বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির পরিচয়—মো. জাহেদ (৩৭), পিতা: মৃত আবদুস শহীদ, গ্রাম: নারায়ণনগর (পশ্চিম সড়ফভাটা), থানা: দক্ষিণ রাঙ্গুনিয়া, জেলা: চট্টগ্রাম।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মো. জাহেদ দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি এবং অবৈধ অস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত ছিল। ঘটনার সঙ্গে জড়িত আরও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে অভিযানের কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন বলেন, “চট্টগ্রাম জেলা পুলিশ সন্ত্রাস, চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কোনো ছাড় দেবে না। সমাজে অশান্তি সৃষ্টিকারী সন্ত্রাসী ও অস্ত্রধারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। অপরাধীরা কেউই রেহাই পাবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।